আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন’—এমন স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর নেপাল রবি দাশ (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বটতলী রুস্তমহাট বাজারে তাঁর নিজস্ব সেলুনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেপাল রবি দাশ উপজেলার পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নেপাল তাঁর এক ভাইকে সঙ্গে নিয়ে সেলুনের দোকানটি পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নেপাল রবি দাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন।’
স্ট্যাটাসটি দেখে তাঁর সহকর্মী ও স্বজনরা দ্রুত সেলুনে ছুটে আসেন। সেলুনের দরজা বন্ধ থাকলেও এতে কোনো তালা লাগানো ছিল না। পরে স্বজনরা ভেতরে নেপালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





