চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবরার নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নগরের হালিশহর এলাকার বাসিন্দা শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে শিশুটির মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর গত ৩ সেপ্টেম্বর আবরারকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এনএসওয়ান পরীক্ষায় পজিটিভ ফল আসায় তার ডেঙ্গু নিশ্চিত হয়। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ৯ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর কারণ ছিল ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’।
এদিকে, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে চমেক হাসপাতালে ২৬ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন দুজন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ছয়জনের।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৩৮০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৬ জনে।
এই সময়ে ডেঙ্গু আক্রান্ত মোট ২২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৬৯ জন। এ বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০ জন।
চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে আক্রান্তদের চিকিৎসা কার্যক্রমও চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





