ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করেছে প্রশাসন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খিরাম সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। এ সময় অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
জব্দ করা বালু পরবর্তীতে উন্মুক্ত নিলামে বিক্রির জন্য গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





