বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শিবু দাশ (৩০) নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত শিবু দাশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি এ অভিযোগ দায়ের করেন। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিরেন্দ্র মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন—পশ্চিম শাকপুরা গ্রামের বিরেন্দ্র মাস্টারের বাড়ির বাদল দাশের স্ত্রী রত্না দাশ (৪৫), বিপ্লব দাশের স্ত্রী রুমা দাশ (৪২), বিপ্লব দাশের ছেলে সাগর দাশ (২৪) এবং বিরেন্দ্র দাশের ছেলে কেশব দাশ (৪২)।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে রত্না দাশ প্রয়োজনে শিবু দাশের কাছ থেকে ৭ হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত চাইলে রত্না দাশ নানা অজুহাতে টাকা না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।
গত ৯ সেপ্টেম্বর রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে রত্না দাশ শিবু দাশকে তার ঘরে ডেকে নেন। সেখানে যাওয়ার পর টাকা না দিয়ে উল্টো তার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে রুমা দাশ বঁটি দা দিয়ে শিবু দাশকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
শিবু দাশের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





