আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাগরে মাছ ধরতে যাওয়ার সময় ট্রলার থেকে পা পিছলে পড়ে নিখোঁজ হওয়া এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ছাত্তার মাঝির ঘাটসংলগ্ন সাগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সোমবার (২০ জুলাই) পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহত গফুর আলম (২১) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল গ্রামের সাবের আহম্মদের ছেলে।
দক্ষিণ পরুয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) মাস্টার রফিক জানান, রবিবার দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট থেকে গফুর আলমসহ চারজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেন। ট্রলারে ওঠার সময় পা পিছলে গফুর সাগরে পড়ে যান। এ সময় তার সহকর্মীরা নৌকা নিয়ে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে উদ্ধার করতে পারেননি।
পরে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে সাগরে ভাসমান অবস্থায় গফুরের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সাগরের চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা এসে লাশ শনাক্ত করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন






