আনোয়ারায় র‌্যাবের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র‌্যাব-৭-এর অভিযানে একটি প্রাইভেট জিপ থেকে ৩ হাজার ৮৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেট জিপও জব্দ করেছে র‌্যাব।

সোমবার (২০ জুলাই) ভোররাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজসংলগ্ন সরকারহাট গরুর বাজারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগুড়ী এলাকার মো. রনি ইসলাম ওরফে সাবু হাসান (৩০) এবং আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার রহমত আলী (৪৩)।

র‌্যাব-৭ জানায়, সন্দেহভাজন একটি কালো রঙের ১৯৯৫ মডেলের টয়োটা হার্ড জিপ (ঢাকা মেট্রো-ঘ-১১-২১৯২) তল্লাশি করে ৩ হাজার ৮৯৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা গাড়ি এবং আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, র‌্যাবের কাছ থেকে ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকে থানায় গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top