আনোয়ারায় নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় সমবয়সী শিশুদের সাথে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ মো. হোসাইন (৬)। সন্ধ্যা পেরিয়ে গেলে স্বজনদের মাঝে ছড়িয়ে পড়ে উদ্বেগ। পরে শিশুকে খোঁজে না পেয়ে এলাকায় মাইকিং করে খোঁজাখুঁজি ও রাতে থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবা। পরদিন সকালে বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে নিখোঁজ সে শিশুটির মরদেহ। ছোট্ট শিশুটির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

আজ সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রবিবার বিকালে নিখোঁজ হয় শিশুটি।

নিহত হোসাইন ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

স্থানীয় সুত্রে জানায়, নিখোঁজের ১৬ ঘন্টা পর বাড়ির পাশের একটি পুকুরে পানি আনতে গিয়ে কয়েকজন নারী শিশুটির মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা সেখানে ছুটে যান এবং মরদেহটি উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে যায় আনোয়ারা থানা পুলিশ।

নিহতের চাচা মো. জাবেদ বলেন, আমার ভাতিজা গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। এলাকায় মাইকিং করা হয়েছিল। ভেবেছিলাম, হয়তো কোথাও আছে, খুঁজে পাওয়া যাবে। কিন্তু সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করতে হলো। এভাবে ওকে হারাতে হবে, কখনো ভাবিনি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে শিশুটি সাঁতার জানত না। অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top