চাটগাঁ নিউজ ডেস্ক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৭৯৪ জনকে। তাদের মধ্যে ৬১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) পরিচালিত অভিযান ও গ্রেপ্তারসংক্রান্ত তথ্য সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, আগের মামলায় ৬২ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ১২১ জন ও সাজা পরোয়ানামূলে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত মামলায় ৭১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১১৮ জন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৮ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য-সংক্রান্ত ৩৯টি মামলা করা হয়েছে। অভিযানে ৭ হাজার ২৩৭টি ইয়াবা, ১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ১১৩ লিটার চোলাই মদ, ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৬ বোতল বিদেশি মদ, ৭৫০ মিলিলিটারের ১২ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি, ৫০০ মিলিলিটারের ২৪ ক্যান কিংফিশার স্ট্রং এবং একই পরিমাণের ২৪ ক্যান হি-ম্যান ৯০০০ স্ট্রং উদ্ধার করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লার চারজন, নোয়াখালীর একজন, রাঙামাটির দুজন ও খাগড়াছড়ির একজন রয়েছেন। অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি ৩৬২ জনকে আটক করা হয়েছে কুমিল্লায়। এ ছাড়া নোয়াখালীতে ১৩৭ জন, লক্ষ্মীপুরে ১২৮ জন, চট্টগ্রামে ৮৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন, চাঁদপুরে ১৭ জন, কক্সবাজারে ১৮ জন, ফেনীতে পাঁচজন, রাঙামাটিতে ১০ জন এবং খাগড়াছড়িতে ১২ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ৬১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






