আনোয়ারায় তরুণীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণ, চারজনের বিরুদ্ধে মামলা

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খালার বাড়ি থেকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক তরুণীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার হাড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রথমে একটি মুদি দোকানে এবং পরে পাশের একটি বিলে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। শুক্রবার (১ মে) রাতে আনোয়ারা থানায় মামলাটি গ্রহণ করা হয়।

মামলার আসামিরা হলেন— রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ১০টা থেকে ভোর ৫টার মধ্যে দুই দফায় এ নৃশংস ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখ করা হয়, রাত আনুমানিক ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে একটি স্থানীয় মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথম অভিযুক্ত আবু তাহের তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

পরবর্তীতে অন্য অভিযুক্তরা বিষয়টি জানতে পেরে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বিলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানান। পরে তার মা মামলা দায়েরের উদ্যোগ নিলে বিভিন্ন মহল থেকে বাধার সম্মুখীন হন। তবে সব বাধা পেরিয়ে অবশেষে শুক্রবার রাতে থানায় মামলাটি গ্রহণ করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top