আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক কিশোরীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৮ দিন পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে আসামিরা। এতে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গত ২৭ এপ্রিল রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামে ধর্ষণের শিকার হওয়া ভুক্তভোগী কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। সেখানে তার ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে মানসিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এদিকে, এ ঘটনায় এখনও মামলার মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে জোর আলোচনা ও প্রতিবাদ চলছে। এ ঘটনার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে আগামীকাল বুধবার (৬ মে) রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারে স্থানীয়দের পক্ষ থেকে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
এমন চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠে ঘটনার পরের দিন ভুক্তভোগী পরিবার থানায় মামলা করতে চাইলে গ্রহণ করতে গড়িমসি করেন থানা পুলিশ। পরে ঘটনা জানাজানি হলে ৪ দিন পর মামলা গ্রহণ করে থানা।
আনোয়ারা সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ধর্ষণের মামলা পেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। আসামিরা বর্তমানে আত্মগোপনে রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ডিবি পুলিশও আসামিদের ধরতে কাজ করছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (সোমবার) রাত আনুমানিক ১০টার দিকে ওই কিশোরী খালার বাড়ি থেকে খালাতো বোনের বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে আবু তাহেরের মুদি দোকানের সামনে পৌঁছালে তাকে জোরপূর্বক ভেতরে টেনে নেওয়া হয়। সেখানে ভোর ৪টা পর্যন্ত আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।
ভোর ৪টার দিকে স্থানীয় তিন যুবক রবিউল হোসেন ওরফে চুমকিয়া, মো. ফারুক ও আনোয়ার হোসাইন বিষয়টি জানতে পারলে আবু তাহের কিশোরীকে তাদের হাতে তুলে দেন। এরপর তারা কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বিলে নিয়ে যান এবং ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন সকালে কিশোরী বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিলেও ধর্ষণ ঘটনার প্রথম অভিযুক্ত আবু তাহেরের ভাই শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব গাজী মোঃ নাছির উদ্দিনসহ বিভিন্ন মহলের বাঁধার সম্মুখীন হয়। বিভিন্ন বাঁধা পেরিয়ে অবশেষে গতকাল শুক্রবার দিবাগত রাতে মামলা গ্রহণ করেন থানা।
মামলায় রায়পুর ইউনিয়নের ময়না গাজীর বাড়ির আব্দুল মান্নানের ছেলে আবু তাহের (৪২), পূর্ব গহিরা নতুন বাড়ির আব্দুর নূরের ছেলে রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে মো. ফারুক (২৩) এবং একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আনোয়ার হোসাইনকে (২২) আসামি করা হয়।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ





