আদালতের এজলাসে ছুরিকাঘাত করা সেই যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম আদালতের এজলাসের সামনে মো. নুরুল কবির নামে একজনকে গলায় ছুরিকাঘাত করার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন ওরফে অপুকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে নগরীর বায়েজিদ থানাধীন পাহাড়ীকা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-সাবেক র‌্যাব) চট্টগ্রাম ইউনিট।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, কোতোয়ালী থানার ৭ সেপ্টেম্বরের মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ইলিয়াস হোসেন অপু বায়েজিদ বোস্তামী থানার পাহাড়ীকা আবাসিক এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিডিএমএস পর্যালোচনা করে অপুর বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরির অভিযোগে আরও পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অপুকে নগরীর কোতোয়ালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় এসআরবি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top