আগামী পাঁচ দিন চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

চাটগাঁ নিউজ ডেস্ক: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী, এমনকি কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। এ সময়ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বুধবার (২২ জুলাই) থেকে শুক্রবার (২৪ জুলাই) পর্যন্ত চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। এ সময়ে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রামের পাশাপাশি রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী পাঁচ দিনের পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই বিশেষ করে চট্টগ্রাম ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top