আইভরি কোস্টে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ৫৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (১ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি সাংবাদিকদের জানান, বন্যাকবলিত বিভিন্ন এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান।

জাতীয় সংহতি মন্ত্রী বেলমন্দ দোগো জানান, কয়েকদিনের টানা বর্ষণের পর দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যিক রাজধানী আবিদজানের আতেকুব ও জনবহুল শহরতলী ইয়োপোগন। নিহতদের অধিকাংশই এসব এলাকার বাসিন্দা।

এদিকে আইভরি কোস্টের প্রতিবেশী দেশ ঘানাও একই দুর্যোগের মুখে পড়েছে। রাজধানী আক্রাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। ভারি বর্ষণের কারণে সেখানে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে কয়েকদিনের প্রবল বর্ষণের পর সোমবার আইভরি কোস্ট ও ঘানার রাজধানী আক্রায় বন্যা এবং ভূমিধসে অন্তত ২৪ জন নিহত বা নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমণে আফ্রিকার অবদান তুলনামূলক কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম আবহাওয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে মহাদেশটির বিভিন্ন অঞ্চল। ফলে প্রাণঘাতী বন্যা এখন সেখানে প্রায় নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top