অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং, ব্যবসায়ীর ৭ বছরের কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আব্দুল গফুর (৪৯) নামে এক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৬০৫ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলায় সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ব্যবসায়ী আব্দুল গফুরকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৬০৫ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা আব্দুল গফুর তার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ৬৮ লাখ ৮১ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন করেন। এর মধ্যে স্থাবর সম্পদের পাশাপাশি অস্থাবর সম্পদও রয়েছে। তিনি তাঁর নামে পরিচালিত একটি ব্যাংক হিসাবে ২০১১ সালে বিভিন্ন সময়ে ২৩ লাখ ৬০ হাজার টাকা জমা করেন, যা মানি লন্ডারিং হিসেবে গণ্য করা হয়।

এছাড়া, সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা দাখিল করেননি। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

তদন্তে আব্দুল গফুরের নামে চট্টগ্রাম ও কক্সবাজারে একাধিক জমি কেনার তথ্য পাওয়া যায়। এসব সম্পদের মধ্যে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আবাসিক প্লট, চকরিয়ার বিভিন্ন মৌজায় কৃষিজমি এবং কক্সবাজার পৌর এলাকায় জমি অন্তর্ভুক্ত রয়েছে। দুদকের অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top