অবশেষে শনিবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম চেম্বার নির্বাচন 

চাটগাঁ নিউজ ডেস্ক: অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি–বার্ষিক নির্বাচন।

কয়েক দফা পিছিয়ে আগামীকাল শনিবার (২৩ মে) অনুষ্ঠিত হবে এই নির্বাচন। নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। আজ শুক্রবার (২২ মে) বিকেলে চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত গত ১৮ মে’র বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল।

এদিকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে গতকাল বিকেল ৪টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট ১৫০ জন কর্মকর্তা–কর্মচারীকে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল ও চলমান নির্বাচনী কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তীতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেলের নির্দেশনায় আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস পিটিশন দায়ের করা হয়। পরে আপিল বিভাগের চেম্বার জজ উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন।

এর ফলে দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক নির্বাচন আগামীকাল (শনিবার) নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলেই চেম্বারের অনুষ্ঠেয় দ্বি–বার্ষিক নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে সমাপ্তির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখা হতে সিনিয়র সহকারী সচিব আশরাফুল ছিদ্দিক স্বাক্ষরিত এক পত্রে চিটাগাং চেম্বারকে নির্দেশনা প্রদান করা হয়।

নির্বাচন বোর্ডের পক্ষ থেকে পত্রের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন থেকে ৫ সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক টিম উক্ত নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং বিভিন্ন বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন বলেও জানানো হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top