রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ভস্মীভূত, আহত ১

রাউজান প্রতিনিধি:  চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলা পূর্বগুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের ঠাকুর চাঁন মহাজনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এতে বাড়ির মৃত মানিক লাল দের পাঁচ ছেলে প্রদীপ কুমার দে, সুদীপ কুমার দে, ভঙ্কেশ্বর দে, ত্রিদীপ দে ও টংকেশ্বর দের টিনের তৈরি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী গীতা শিক্ষক ডা. সুপন বিশ্বাস শঙ্করেশ জানান, প্রদীপ কুমার দের ঘর থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই সময় তারা বাড়িতে না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাউজান ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

এতে আশেপাশের আরও ৮টি ঘর রক্ষা পায়। অগ্নিকাণ্ডে সুদীপ আর ত্রিদীপের দুই মেয়ের বিবাহ উপলক্ষে করা বাজার-সদাইও সহ নগদ ২ লাখ টাকা পুড়ে যায়। এই সময় আগুন নিভাতে গিয়ে জয় দে নামক একজন মাথা ফেটে গুরুতর আহত হন।

রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার আব্দুল্লাহ আল মামুন খান জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে টিনের তৈরি পাঁচ পরিবারের কাঁচা বসতঘর পুড়ে যায়। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ

Scroll to Top