রাঙ্গুনিয়ায় শ্মশান থেকে কিশোরের মাটিচাপা লাশ উদ্ধার, আটক মা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া পূর্বপাড়া এলাকায় মফিজুর রহমান (১৫) নামে এক কিশোরকে হত্যা করে শ্মশানে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে উদ্ধার করা হয়েছে নিহত কিশোরের লাশ।

আজ শুক্রবার (২২ মে) দুপুরের দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ স্থানীয় একটি বৌদ্ধ শ্মশান থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত মফিজুর রহমান পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুধপুকুরিয়া পূর্ব পাহাড় এলাকার আবু মুছার ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা রুবি আকতারকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ মে) একই এলাকার আব্দুল জলিলের ছেলে মাহবুব আলম ওরফে মাকু আলম (৩৮) বিষপানে আত্মহত্যা করেন। পুলিশের ধারণা, এই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা এবং মাকু আলমের আত্মহত্যার মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে।

এরই মধ্যে স্থানীয়রা শ্মশানের একস্থানে নতুন করে মাটি চাপা দেওয়ার চিহ্ন দেখতে পান। পরে পুলিশ সেখানে খনন চালিয়ে নিখোঁজ কিশোর মফিজুর রহমানের মরদেহ উদ্ধার করে। এলাকায় দীর্ঘ সময় ধরে চলা বিভিন্ন কানা-ঘুষা এবং নিখোঁজ ডায়েরির সূত্র ধরে পুলিশ এই অভিযানে নামে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, নিখোঁজ ডায়েরি ও আত্মহত্যার ঘটনার সূত্র ধরেই শ্মশান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

এদিকে, এমন নৃশংস ঘটনার পর পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top