আনোয়ারায় ইউপি সদস্যদের বাদ দিয়ে ভিজিএফ চাল বিতরণ!

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে ইউপি সদস্যদের বাদ দিয়ে দলীয়ভাবে ভিজিএফ চাল বিতরণের অভিযোগ উঠেছে। এতে প্রকৃত গরীব অসহায় মানুষদের চাল দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ১১ ইউপি সদস্য।

গত বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বারখাইন ইউনিয়ন পরিষদে বিএনপি দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে এসব চাল বিতরণ করা হয়।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ভিজিএফ চাল বিতরণ করা হয়। এসব চাল ইউপি সদস্যদের মাধ্যমে বিতরণ করা হয়। তবে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নিজ বারখাইন ইউনিয়নে মেম্বারদের বাদ দিয়ে বিএনপি দলীয়ভাবে বিতরণ করা হয়। এসব চাল বিতরণে প্রতিনিধিত্ব করেন বিএনপি নেতা শফিউল আলম চৌধুরী জকু। এবার এ ইউনিয়নে ১৯৬০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

এদিকে ইউপি সদস্যদের বাদ দিয়ে কার্ড বিতরণ করায় প্রকৃত গরীব অসহায়রা এসব চাল থেকে বঞ্চিত হয়।

অভিযোগ করে এগারো ইউপি সদস্য জানান, প্রতিবছর ভিজিএফ চাল সহ বিভিন্ন সহযোগিতা ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীদের সমঝোতার মাধ্যমে বিতরণ করা হয়। তবে এবার মেম্বারদের বাদ দিয়ে দলীয়ভাবে বিতরণ করা হয়। এতে নিজ নিজ ওয়ার্ডের সাধারণ মানুষরা কার্ড না পেয়ে ইউপি সদস্যদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। যাদের ভোটে মেম্বার নির্বাচিত হয়েছে তাদেরকে সরকারি সহযোগিতা করতে না পারা লজ্জার।

বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল জানান, ইউনিয়নে ইউপি সদস্য ছাড়া দলীয়ভাবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বিগত সময় মেম্বার ও দলীয়ভাবে সমঝোতার মধ্যে বিতরণ হলেও এবার এমপির নির্দেশে এককভাবে এসব চাল বিতরণ কার্যক্রম করেছে। তবে কোনো বিশৃঙ্খলা হয়নি।

একাধিক বিএনপি নেতা জানান, বারখাইন ইউনিয়নের মহিলা ও পুরুষ মেম্বাররা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তাই তাদের বাদ দেওয়া হয়েছে। অথচ এসব ইউপি সদস্যদের নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করেন এমপি সরওয়ার জামাল নিজাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top