এবার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের একদিন পরই এবার ডবলমুরিং থানার হাজিপাড়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। এসময় পুলিশ উত্তেজিত জনতার হাতে অবরুদ্ধ হয়ে পড়ে। তবে দুই ঘন্টার চেষ্টায় অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে বলে। এসময় পুলিশ সদস্যদেরও অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে দুই ঘন্টার চেষ্টায় পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।

জানা গেছে, শিশুটি একটি কাজে ঘরের বাইরে বের হলে অভিযুক্ত যুবক তাকে একটি নির্জন স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং যুবককে আটক করে। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে মারধর করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top