উখিয়ায় পুলিশের পৃথক অভিযান, ১৬ আসামি গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলার আসামি, পূর্বের মামলার আসামি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১৬ জনের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি একজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার আসামি চারজন, পূর্বের মামলার আসামি তিনজন, মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ছয়জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।

মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ছয় আসামির মধ্যে চারজনকে তিন মাস করে এবং দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য মামলার আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন

Scroll to Top