কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি শহরের দোয়েল চত্বর এলাকা থেকে উদ্ধার করা একটি বনমোরগ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের কর্মকর্তারা দোয়েল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বনমোরগটি উদ্ধার করা হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বনমোরগটি ফেলে রেখে বিক্রেতা পালিয়ে যায়। পরে বন বিভাগের সদস্যরা বনমোরগটি জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বনমোরগটি কাপ্তাই রেঞ্জে পাঠানো হয়। পরে শনিবার বিকেলে সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বন্য প্রাণী শিকার, ধরা, বিক্রি বা অবৈধভাবে পরিবহন করা দণ্ডনীয় অপরাধ। উদ্ধার হওয়া বন্য প্রাণীগুলোকে সুস্থ অবস্থায় তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দিতে বন বিভাগ নিয়মিতভাবে অভিযান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন






