হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকায় একজন এবং সিলেটে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ১৬ হাজার ৭১০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ১৪ হাজার ৩১৮ শিশু হামে আক্রান্ত হয়েছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৯ হাজার ২৪৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৬৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ৪৯৮ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এ ছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় শিশুদের সময়মতো টিকা গ্রহণ এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top