চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার সামিয়ার পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল পৌনে ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সামিয়ার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযানে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সামিয়ার পাড়ার জহির মিয়ার ছেলে মো. মুনা (১৯), হেনজু মিয়ার ছেলে মো. কামাল (৫৫), মো. জসিমের ছেলে মিজানুর রহমান (২০) এবং মো. হারুন মিয়ার ছেলে মো. সাকিব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। এ কারণে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক সেবন, বহন ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন






