চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নাঙ্গলমোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল গফুরের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবা থেকে স্থানীয়রা শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।
নিহত সাঈদ একই এলাকার মো. আবদুর রহিমের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। তাদের স্থায়ী বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নে।
স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান জানান, বুধবার বিকেলে সাঈদ নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাকে খুঁজে না পেয়ে মাইকিংয়ের মাধ্যমে নিখোঁজের ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান মেলেনি।
পরে সকাল প্রায় ১০টার দিকে স্থানীয় লোকজন আব্দুল গফুরের বাড়ির পেছনের পরিত্যক্ত ডোবায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সাঈদের বলে শনাক্ত করেন।
আদরের শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে গভীর শোক। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





