চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানায় এক হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার মো. হারুন এবং নাঙ্গলকোট উপজেলার মো. নাসির উদ্দিন, যিনি পেশায় গাড়িচালক।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলার সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১৩ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহারা হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৫টি প্লাস্টিকের বস্তা থেকে এক হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে হারুন ও নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচার চলাকালে ২৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






