রেলস্টেশনে চবি ছাত্রীকে শ্লীলতাহানি, আটক দোকান কর্মচারী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক দোকান কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। পরে রাত ১০টার দিকে অভিযুক্তকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তি মো. শাহিন শেখ (২৫)। তিনি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকার একটি খাবারের দোকানে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্লাস শেষে বিকেল ৪টা ৪০ মিনিটের চট্টগ্রামগামী শাটল ট্রেনে ওঠার অপেক্ষায় রেলস্টেশনে ছিলেন ওই ছাত্রী। এ সময় শাহিন শেখ তার সঙ্গে অসদাচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পরপরই শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় একই রাতে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করছে। ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top