চট্টগ্রাম নগরে রথযাত্রা উপলক্ষে সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা

চাটগাঁ নিউজ ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এ সময় নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সীমিত নিয়ন্ত্রণ থাকবে। ফলে সম্ভাব্য যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সিএমপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রথযাত্রা উপলক্ষে নগরীতে তিনটি বড় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিপুলসংখ্যক ভক্ত ও পূজারির অংশগ্রহণে এসব শোভাযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে ব্যাপক ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

শ্রীশ্রী তুলসীধামের রথযাত্রা তুলসীধাম থেকে শুরু হয়ে রাইফেল ক্লাব, নিউমার্কেট, কোতোয়ালী মোড়, লালদীঘির পাড়, নবগ্রহবাড়ি, বক্সীরহাট, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, প্রেস ক্লাব, কাজীর দেউড়ি, লাভলেইন, বৌদ্ধ মন্দির ও নন্দনকানন এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় তুলসীধামে ফিরে যাবে।

এদিকে নন্দনকাননের শ্রীশ্রী রাধামাধব মন্দির (ইসকন) আয়োজিত রথযাত্রা ডিসি হিল থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘির পাড়, কোতোয়ালী, নিউমার্কেট, আমতল ও বোস ব্রাদার্স মোড় হয়ে নন্দনকাননের ২ নম্বর গলির সামনে গিয়ে শেষ হবে।

অন্যদিকে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-এর রথযাত্রা প্রবর্তক এলাকা থেকে শুরু হয়ে মিমি সুপার মার্কেট, প্রবর্তক মোড়, গোলপাহাড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী, কাজীর দেউড়ি, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘির পাড়, কোতোয়ালী, সিনেমা প্যালেস ও বোস ব্রাদার্স মোড় হয়ে ডিসি হিলে গিয়ে শেষ হবে।

সিএমপি জানায়, দুপুর ২টা থেকে বাদশা মিয়া রোড, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর, নেভাল মোড়, নূর আহম্মদ সড়ক, এনায়েত বাজার, তিনপোল, নিউমার্কেট, জিপিও সংলগ্ন আলকরণ রোড, কোতোয়ালী মোড়, লালদীঘির উত্তর পাড়, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা, গুডস হিল, গনি বেকারি ও সার্সন রোডের মুখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ ও রোড ব্লক থাকবে। এসব স্থান থেকে যানবাহনকে বিকল্প সড়কে চলাচলের নির্দেশনা দেওয়া হবে।

রথযাত্রার পুরো রুটজুড়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে উল্লেখ করে সিএমপি নগরবাসীর প্রতি ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top