ফটিকছড়ির নাজিরহাটে নিত্যদিনের যানজট, দুর্ভোগে শিক্ষার্থী-পথচারী

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে দীর্ঘদিন ধরে ভয়াবহ যানজট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বাজার হয়ে ঝংকার মোড় পর্যন্ত প্রতিদিনই ঘণ্টাব্যাপী যানজটে স্থবির হয়ে পড়ে পুরো এলাকা। এতে চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, পথচারী, যাত্রী ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তোলা ছবিতে দেখা যায়, যানবাহনের দীর্ঘ সারিতে কার্যত অচল হয়ে পড়েছে সড়কটি। স্থানীয়দের ভাষ্য, এটি কোনো একদিনের ঘটনা নয়; প্রতিদিনই একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সড়কের কোথাও প্রায় ২০ ফুট, আবার কোথাও ১৫ ফুট প্রশস্ত হলেও রাস্তার দুই পাশে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা এবং অন্যান্য যানবাহনের কারণে যানজট ভয়াবহ আকার ধারণ করছে।

অন্যদিকে পথচারী ও চালকদের অভিযোগ, বাজার এলাকার ফুটপাত দখল করে ব্যবসায়ীরা উপ-ভাড়াটিয়াদের মাধ্যমে দোকান বসিয়েছেন। ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছেন, যা যানজট আরও বাড়িয়ে দিচ্ছে। এ নিয়ে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, বাজারে আসা সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করবেন কোথায়? প্রতিদিন এমন ভোগান্তি চললেও নাজিরহাট পৌর প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয় বলে অভিযোগ তাদের। পৌর প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন এমন পরিস্থিতি সৃষ্টি হলেও সংশ্লিষ্টদের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাজিরহাট পৌরসভার প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, অবৈধ পার্কিং উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে নাজিরহাটের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। অন্যথায় প্রতিদিনের এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top