রোহিঙ্গাদের ভোটারে সহযোগিতা, চেয়ারম্যানসহ ৩ ইউপি সদস্য বরখাস্ত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে রোহিঙ্গাদের ভুয়া তথ্যের মাধ্যমে বাংলাদেশি ভোটার বা নাগরিক হতে সহযোগিতা করার অভিযোগে ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন— আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জাকের হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মতিন।

গত ১২ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ চলাকালে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র প্রদান, জাতীয়তা ও পরিচয় সংক্রান্ত ভুয়া ও অসংগতিপূর্ণ কাগজপত্র তৈরিতে প্রত্যক্ষ সহযোগিতা, অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা এবং ক্ষমতার অপব্যবহারসহ রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার মনে করে, অভিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়। তাই তাদের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) এর (খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাদের নিজ নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আলীকদম সদর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বলেন, এটি সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্ত নয়। তাদের ১০ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। এখনো কাউকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। জেলা প্রশাসক যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

 

Scroll to Top