চাটগাঁ নিউজ ডেস্ক: বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহর এলাকায় বিভিন্ন কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশ নেন। এতে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টির কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন, পাশাপাশি বৃষ্টিতে ক্যালকুলেটর, প্রবেশপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াকে অমানবিক উল্লেখ করে তারা আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারাদেশে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— বৈরী আবহাওয়া কেটে না যাওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং নষ্ট বা হারিয়ে যাওয়া প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত পুনরায় সরবরাহ করা।
এ ছাড়া সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ, কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য আলাদা সিদ্ধান্ত না নেওয়া, প্রশ্নপত্রে ভুলের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং সিলেবাস অনুযায়ী সহজবোধ্য প্রশ্ন প্রণয়নের দাবিও জানান তারা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নপত্রে ভুলের জন্য দায়ীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকে ঘিরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
বোর্ড সচিবের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। তবে তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





