চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার রাত ১০টায় চট্টগ্রাম নগরীর বিভারলি হিল সোসাইটিতে অবস্থিত তার বাসভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ির সামনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়।
জানাজার আগে মরহুমের নিজ বাড়ির উঠানে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ ও চন্দনাইশ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে শোকের সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন নজরুল ইসলাম চৌধুরী। গত ১৩ জুলাই ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
গার্ড অব অনার অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তার শেষ বিদায়ে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ জানাজায় উপস্থিত হন। চন্দনাইশের এই বর্ষীয়ান রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। জানাজা শেষে নিজ বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে গণমানুষের কল্যাণে কাজ করা এই প্রবীণ নেতাকে শেষ বিদায় জানাতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





