চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৮ শিক্ষার্থীকে আবাসিক হলে গাঁজাসেবন ও রাখার দায়ে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে শৃঙ্খলা কমিটির ৩০৬তম জরুরি সভার সিদ্ধান্তক্রমে কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ হলের ৫২৯ নম্বর কক্ষে আনুমানিক রাত ১১টা ৫০ মিনিটে হলের সহকারী প্রভোস্টগণ অভিযান পরিচালনা করে। অভিযানে কক্ষটিতে ৮ শিক্ষার্থীকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও কক্ষ তল্লাশি করে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
জানা যায়, বহিষ্কৃতদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের ২ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের পানিসম্পদ কৌশল বিভাগের ৪ জন ও একই বর্ষের মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছেন।
এদের ৪ জন শহীদ আবু সাইদ হলের, ২ জন মুক্তিযোদ্ধা হলের, ১ জন ড. কুদরাত-ই-খুদা হলের এবং ১ জন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী। এই ঘটনায় সকলকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
এদিকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তির স্বহস্তে লিখিত জবাব আট শিক্ষার্থীকেই আগামী ২৬ জুলাই সকাল ১১টার মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরে স্ব-শরীরে হাজির হয়ে দাখিল করতে বলা হয়েছে। কোনো শিক্ষার্থী চাইলে ২৭ জুলাই সকাল ১১ টায় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে স্বপক্ষে ব্যক্তিগত শুনানি প্রদান করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানান, দোষীদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া নির্দিষ্ট দিনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






