রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া মো. সোলেমান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ হওয়ার দুই দিন পর সোমবার (১৩ জুলাই) সকালে বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের ভান্ডালজুড়ি এলাকার কর্ণফুলী নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোলেমান রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা ইউনিয়নের লোকমান মিস্ত্রীর বাড়ির ওসমান গণির ছোট ছেলে।
সোমবার দুপুরে সরেজমিনে নিহত সোলেমানের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো এলাকাজুড়ে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। দুই ভাইয়ের মধ্যে ছোট হলেও সংসারের নানা কাজে পরিবারের অন্যতম ভরসা ছিলেন কর্মঠ এই যুবক। দুর্ঘটনার দিন সকালেও ঘরের অনেক কাজ শেষ করে বড় ভাইয়ের সঙ্গে নদীতে গিয়েছিলেন তিনি।
ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সোলেমান ও তার বড় ভাই আব্দুল আলিম (৩০) একটি নৌকা নিয়ে পূর্ব সরফভাটার রূপান্তর চরসংলগ্ন কর্ণফুলী নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তাদের নৌকাটি হঠাৎ উল্টে যায়। এতে দুই ভাই পানিতে পড়ে যান।
আশপাশে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে বড় ভাই আব্দুল আলিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও, সোলেমান তীব্র স্রোতে নদীর গভীরে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। স্থানীয়রাও নদীর বিভিন্ন স্থানে মাইকিংসহ ব্যাপক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার দুই দিন পর কর্ণফুলী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন বিকেল ৩টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবারের আদরের সন্তান ও কর্মঠ যুবক সোলেমানকে হারিয়ে স্বজনরা এখন শোকে মুহ্যমান। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





