চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চকবাজারের চন্দনপুরা এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডটনেট’র কার্যালয়ে সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (১৩ জুলাই) সকালে চন্দনপুরা এক্সেস রোড এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির দাবি, প্রায় দুই কোটি টাকা চাঁদার দাবিতে এই হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আর এই হামলার নেপথ্যে ছিল নগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমন।
জানা গেছে, প্রায় ৪০ জন মুখোশধারী (মাস্ক পরিহিত) সশস্ত্র ব্যক্তি হঠাৎ প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা অফিসের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভেঙে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং কর্মীদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন।
এ বিষয়ে ডিজিটাল ডটনেট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, কারা এ হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
আলোচনায় ‘ডেভিড ইমন’
এদিকে এই ঘটনায় একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। যেখানে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) পরিচয়ে এক ব্যক্তি। এতে ইমনকে বলতে শোনা যায়— ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি। মাসে দিবি ১০ লাখ। এখন থেকে ব্যবসা করবো আমরা। তোমরা ১৭ বছর ধরে করছো তো।’
এ বিষয়ে প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. রবিউল হোসাইন রাকিব বলেন, দুই-তিন দিন আগে আমাদের মালিকের কাছে ফোন করে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল ডেভিড নামে একজন। এছাড়া প্রতি মাসে ১০ লাখ টাকা করে দিতে বলা হয়। তবে বিষয়টিকে তখন আমরা গুরুত্ব দিইনি। বিভিন্ন সময় নানা জায়গা থেকে ফোন আসে, তাই এটিকে সত্যিকারের হুমকি বলে মনে হয়নি। আজ হঠাৎ করেই একদল লোক আমাদের অফিসে এসে ভাঙচুর চালায়। এসময় বেতন দেয়ার জন্য অফিসে রাখা প্রায় ৩৫ লাখ নগদ টাকা হামলাকারীরা নিয়ে চলে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেন ওরফে ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। পুলিশের তথ্যানুযায়ী, তিনি ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন এবং একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট সাতটি মামলার আসামি।
চাটগাঁ নিউজ/জেএইচ






