কাপ্তাইয়ে সেফটি ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় খেলতে গিয়ে খোলা সেফটি ট্যাংকে পড়ে নন্দী মল্লিক তুলশী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি বাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খোলা সেফটি ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নন্দী মল্লিক তুলশী স্থানীয় বাসিন্দা সুজন মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল নন্দী। একপর্যায়ে অসাবধানতাবশত খোলা অবস্থায় থাকা একটি সেফটি ট্যাংকে পড়ে যায় সে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি খোলা সেফটি ট্যাংকে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top