ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল আলম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল আলম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া চা-বাগান এলাকার বাসিন্দা মানু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জামাল আলম দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটার কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পূর্ব ফরহাদাবাদ এলাকায় একটি গাছ কাটার সময় বৃষ্টির কারণে গাছের একটি ডাল পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই জামাল আলমের মৃত্যু হয়েছে।

জামাল আলমের অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও আছিয়া চা-বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের বাবা-মা, স্ত্রী ও অন্যান্য স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top