শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)।

সোমবার (১৩ জুলাই) সকালে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে তার পায়জামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১৬০ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আটক শহিদুল আলম চৌধুরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা। তিনি দুবাই থেকে একটি ফ্লাইটে দেশে ফিরেছিলেন।

যৌথ অভিযান শেষে উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top