সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলায় আরও ৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

চাটগাঁ নিউজ ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ জুলাই দিন ধার্য করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, দুদক পক্ষ চারজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। অভিযোগপত্রে অন্তর্ভুক্ত ৯২ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩১ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়। পরে ওই অর্থ বিভিন্ন কর্মচারীর মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় এবং বিদেশে সম্পদ কেনার কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাগুলো ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে সংঘটিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

মামলায় প্রধান আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকের সাবেক চেয়ারম্যান, পরিচালক ও কর্মকর্তারা, পাশাপাশি আরামিট গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জন।

এর আগে, মামলার তদন্ত শেষে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চলতি বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তে দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এছাড়া তদন্তে নতুন করে আরও সাতজনের সম্পৃক্ততা পাওয়ায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জন। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top