পেকুয়ায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চাটগাঁ নিউজ ডেস্ক: পেকুয়ায় বন্যার পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মুশফিকুর রহিম। সে ওই এলাকার নাছির উদ্দীনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খাওয়ার সময় পরিবারের সদস্যদের সঙ্গে বসেছিল শিশুটি। একপর্যায়ে সবার অগোচরে খাবারের বাটি হাতে ঘরের বাইরে বের হয়ে যায়। এ সময় বাড়ির সামনে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায় সে।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের পানিতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলে স্থানীয়রা তাকে মৃত ঘোষণা করেন।

সদর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য সাহেদুল ইসলাম জানান, পরিবারের অজান্তেই শিশুটি ঘর থেকে বের হয়ে বন্যার পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পানিতে তার মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top