চাটগাঁ নিউজ ডেস্ক: টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
রেলওয়ে সূত্র জানায়, ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময়ে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। সেখানে প্রায় ২০ মিনিট যাত্রাবিরতির পর ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্দেশে যাত্রা করে। রেলওয়ের সময়সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানান, পর্যটক এক্সপ্রেসের চলাচলের মধ্য দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়েছে। ট্রেন চলাচল শুরুর পর তিনি সকালে ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত অংশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
গত ৪ জুলাই থেকে চট্টগ্রামে টানা ভারী বর্ষণ শুরু হয়। পরে ৭ জুলাই পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে ষোলশহর স্টেশন ও জানালিহাট এলাকার মধ্যবর্তী অংশে রেললাইন পানির নিচে তলিয়ে যায়। ওই দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস কয়েক মিনিটের মধ্যেই পানিবন্দি হয়ে পড়ে। প্রায় এক হাজার যাত্রী বহনকারী ট্রেনটি পরে নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রয়োজনীয় মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করার পর রবিবার থেকে আবারও এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





