বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ভাণ্ডালজুড়ি খালে পাহাড়ি ঢলের পানিতে ভেসে নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও দিদার আলম নামে এক লেবু শ্রমিকের কোনো সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি স্বজনরাও বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা এলাকায় ভাণ্ডালজুড়ি খালে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে দিদার আলম ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রাও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়ার আশায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, স্থানীয়দের নিয়ে পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে এবং মাইকিংও করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, নিখোঁজ যুবকের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে সংশ্লিষ্টদের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





