চাটগাঁ নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতির অবনতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ শনিবার (১১ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাহদী আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনকে দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও দুর্গত এলাকায় ত্রাণ ও সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্থগিতাদেশের মেয়াদ ১৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





