কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে কাপ্তাই লেক থেকে অবৈধভাবে আহরণ করা ৯৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এবং মাছ পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে কাপ্তাই-আসামবস্তী সড়কের কামিলাছড়ি এলাকায় স্থলপথে টহল অভিযান চালিয়ে এসব মাছ ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।
বিএফডিসি সূত্রে জানা গেছে, জব্দ করা মাছের মধ্যে প্রায় ৬০ কেজি মলা, ২৫ কেজি কালিবাউশ ও ছোট আইড় এবং ১০ কেজি টেংরা ও বাচা মাছ রয়েছে। এসব মাছ কাপ্তাই লেক থেকে অবৈধভাবে আহরণ করে বাজারজাতের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, জব্দ করা মাছ কাপ্তাইয়ের শিলছড়ি বাজারে প্রকাশ্য নিলামের মাধ্যমে ২০ হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হয়েছে। জব্দ করা সিএনজি অটোরিকশাটি বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযানের সময় চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, কাপ্তাই লেকে মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণ ও মাছ পাচার রোধে বিএফডিসির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





