রবিবার থেকেই চলতে পারে কক্সবাজার রুটের ট্রেন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় বন্ধ থাকা ট্রেন চলাচল রবিবার (১২ জুলাই) থেকে পুনরায় শুরু হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আবহাওয়ার পরিস্থিতির ওপর বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মেডিকেল গেট এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ জানান, ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এখন আবহাওয়া অনুকূলে থাকলে রবিবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, টানা বৃষ্টির কারণে রেললাইনে পানি উঠে যাওয়ায় গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিদর্শনের সময় যেসব স্থানে সমস্যা পাওয়া গেছে, সেগুলোর প্রয়োজনীয় সংস্কার শেষ হয়েছে। এখন নিরাপত্তা নিশ্চিত করেই ট্রেন চলাচল শুরু করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, জলাবদ্ধতার কারণে এই রুটের চারটি ট্রেনের চলাচল ব্যাহত হয়। এর মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস-এর যাত্রা সম্পূর্ণ বাতিল করা হয়। এছাড়া কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস-এর চট্টগ্রাম-কক্সবাজার অংশের যাত্রা স্থগিত রেখে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

রেলওয়ে কর্মকর্তারা জানান, রেললাইন সম্পূর্ণ নিরাপদ কি না তা নিশ্চিত হওয়ার পরই ট্রেন চলাচল শুরু করা হবে। আবহাওয়া স্বাভাবিক থাকলে রবিবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল পুনরায় চালু হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top