দুই দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ‍রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

চাটগাঁ নিউজ ডেস্ক : বন্যা পরিস্থিতির কারণে দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত কমে আসায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর আগে বন্যার কারণে বুধবার চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর পানি উঠে যায়। কোথাও কোথাও গাছ উপড়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর অংশে প্রায় দেড় ফুট উঁচু দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। বর্তমানে সড়ক থেকে পানি কিছুটা নেমে গেলেও ছোট যানবাহনের চলাচলে এখনো ভোগান্তি রয়েছে। বড় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

দোহাজারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ইকবাল হোসেন চৌধুরী বলেন, শুক্রবার সকাল থেকে এ পথে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

হাশিমপুর বড়পাড়া এলাকার বাসিন্দা মো. নাজিম উদ্দীন বলেন, বুধবার সন্ধ্যার পর মহাসড়কের ওপর দিয়ে প্রায় দেড় ফুট উঁচুতে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছিল। এখন পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে।

ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির নেতা আবদুল মান্নান রানা বলেন, পাহাড়ি ঢলের পানিতে খানহাট-ধোপাছড়ি-বান্দরবান সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ধস দেখা দিয়েছে। ফলে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ইউনিয়নের অধিকাংশ এলাকা এখনো পানির নিচে রয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top