কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : টানা কয়েকদিনের অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির প্রবাহ বেড়েছে। এতে তিনমাস পর প্রথমবারের মতো কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট একসঙ্গে চালু করা হয়েছে। বর্তমানে কেন্দ্রটিতে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে ১ ও ২ নম্বর ইউনিটে ৪২ মেগাওয়াট করে, ৩ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সব মিলিয়ে উৎপাদন হচ্ছে ১৭৯ মেগাওয়াট।
বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, চলতি বছরের এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে পানির স্তর কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছিল। পানির সংকটের কারণে পাঁচটি ইউনিট সচল থাকলেও একসঙ্গে চালানো সম্ভব হয়নি। রেশনিং পদ্ধতিতে পর্যায়ক্রমে ইউনিট চালু রেখে উৎপাদন অব্যাহত রাখা হয়। এতে ২৩০ মেগাওয়াট উৎপাদনক্ষম কেন্দ্রটির উৎপাদন একপর্যায়ে ৯৬ মেগাওয়াটে নেমে আসে।
মাহমুদ হাসান বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে হ্রদে পানির প্রবাহ বাড়ায় উৎপাদনও বেড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং হ্রদের পানির স্তর আরও বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।
কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, শুক্রবার রুল কার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদের পানির স্তর থাকার কথা ছিল ৯০ দশমিক ৩১ ফুট (মীন সি লেভেল-এমএসএল)। বর্তমানে পানির স্তর রয়েছে ৮৫ দশমিক ৪৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভরশীল। পর্যাপ্ত পানি থাকলে কেন্দ্রটির পাঁচটি ইউনিট একসঙ্গে চালিয়ে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যায়।
চাটগাঁ নিউজ/ঝুলন/এসএ





