চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১০ জুলাই) সকালের বিভিন্ন সময় উপজেলার বাহারচড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতদের মধ্যে মোহাম্মদ আশিক (৮) বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। অপর শিশু মিরাজ (৬) একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আজ সকালে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে বের হলে পূর্ব দিক থেকে আসা পাহাড়ি ঢলের পানির প্রবল স্রোতে ভেসে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঁশখালী গুণাগরি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, পাহাড়ি ঢলের কারণে পানির তীব্র স্রোত ছিল। সেই স্রোতেই ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া সবাইকে বন্যার পানির তীব্র স্রোত থেকে শিশুদের নিরাপদে রাখার জন্য সতর্ক থাকার আহ্বান জানান ওসি রবিউল।
চাটগাঁ নিউজ/জেএইচ





