কর্ণফুলী নদীতে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক বাজারঘাট এলাকায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা রবিউল হোসেন রবিন জানান, দুপুরের দিকে কর্ণফুলী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সেটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।

তিনি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। তার গায়ে শুধু একটি লাল টি-শার্ট ছিল এবং শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না। মরদেহটি ফুলে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি তিন থেকে চার দিনের পুরোনো। তবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি বিকৃত হয়ে গেছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top