চাটগাঁ নিউজ ডেস্ক: টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি বাড়িতে পরিবারের সঙ্গে আটকা পড়ে আট মাস বয়সী এক শিশু। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিনব উপায়ে বড় একটি পাতিলে শিশুটিকে ভাসিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রবল বৃষ্টিতে এলাকায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় বহু পরিবার ঘরবন্দি হয়ে পড়ে।
উদ্ধার অভিযানের সময় ধারণ করা ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গলাসমান পানির মধ্যে টানানো রশি ধরে এক ফায়ার সার্ভিস সদস্য এগিয়ে যাচ্ছেন। তাঁর হাতে থাকা বড় একটি পাতিলের ভেতরে নিরাপদে রাখা হয়েছে আট মাস বয়সী শিশুটিকে। আরেক সদস্য পাতিলের ওপর ছাতা ধরে শিশুটিকে বৃষ্টির পানি থেকে রক্ষা করার চেষ্টা করছেন। মানবিক এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, পানিবন্দি থাকার খবর পেয়ে আট সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে পাঁচ শিশুসহ আট নারীকে উদ্ধার করে স্থানীয় আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। উদ্ধার অভিযানের অংশ হিসেবে আট মাস বয়সী শিশুটিকে নিরাপদে সরিয়ে নিতে বড় একটি পাতিল ব্যবহার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, টানা বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের দ্রুত ও মানবিক উদ্যোগে আটকে পড়া মানুষ নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





