চাটগাঁ নিউজ ডেস্ক: টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আল হাইথাম ওয়েল ফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণের পাশাপাশি ট্রাস্টের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন। তারা ক্ষয়ক্ষতির চিত্র পরিদর্শন করেন, দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি মানবিক সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ মানবিক কার্যক্রমে আল হাইথাম ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক মো. শাহেদ প্রবাসে অবস্থান করেও সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন। ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ মো. শাহ চেয়ারম্যান মাঠপর্যায়ে সার্বিক কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে শিক্ষক মো. কাওসার, সাংবাদিক ও সমাজকর্মী সেতুল মির্জা, ইনফ্লুয়েন্সার মো. নাজমুল করিম ফরহাদ, মো. তাওসীফ আকবর, আরিফুল ইসলাম বাবু, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ কাউসার, মো. রিয়াজুল ইসলাম রাকিব, মো. সবুজ, মো. ইফতেখারসহ ট্রাস্টের অসংখ্য স্বেচ্ছাসেবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া ট্রাস্টের সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন আল বারাকা আদর্শ যুব সংঘ এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে।
আল হাইথাম ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবাই তাদের মূল লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, পাহাড়ধস কিংবা যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক উদ্যোগে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





